আগস্ট ১২, ২০২৬, ১১:১২ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক সমন্বয়কদের ডিবি কার্যালয়ে জোর করে খাবার খাওয়ানোর দৃশ্য এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ কার নির্দেশে দেওয়া হয়েছিল, তা নিয়ে একটি চাঞ্চল্যকর অডিও কলের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুইয়ের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশনের পক্ষ থেকে এই কল রেকর্ড প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নির্দেশেই সব করা হয়েছে বলে দাবি করেন সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।ট্রাইব্যুনালে উপস্থাপিত ওবায়দুল কাদের ও হারুন অর রশীদের ফোনালাপের প্রতিলিপিতে হারুন দাবি করেন যে সমন্বয়কদের খাওয়ানো এবং সেই ছবি গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত তার একার ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি প্রধানের সুনির্দিষ্ট নির্দেশেই তিনি এই পদক্ষেপ নেন এবং এর বাইরে তিনি নিজ থেকে কিছু করেননি বলে জানান। ফোনালাপে তাকে এ ঘটনায় ডিবি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করতেও শোনা যায়।
এছাড়াও ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আরেকটি অডিও কলের প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে দুই নেতার আলোচনা স্থান পায়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন