সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:০০ পিএম
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ট্রলার মাঝি আব্বাস মল্লিক। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-ওয়ানের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলার দশম সাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দি দেন।
বিগত বছরগুলোতে সংঘটিত বিভিন্ন গুম ও হত্যার অভিযোগ খতিয়ে দেখতে এই সাক্ষ্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ভয়াবহ সব হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন ওই ট্রলার মাঝি। সাক্ষ্যে আব্বাস মল্লিক দাবি করেন, ২০১০ ও ২০১১ সালের দিকে র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান মাঝরাতে বন্দিদের নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় যাতায়াত করতেন।
পরবর্তীতে তাদের গুলি করে হত্যা করার পর মরদেহ ভেসে ওঠা রোধ করতে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হতো। অভিযানের দিনগুলোতে সন্ধ্যার পর স্থানীয় দোকানদারদের দোকান বন্ধ ও বাতি নিভিয়ে রাখার নির্দেশ দেওয়া হতো বলেও জানান তিনি। রাত ১১টা থেকে ১২টার দিকে র্যাবের গাড়ি এসে বরফ মিলের সামনে থামত এবং ঢাকা থেকে হাত ও চোখ বাঁধা বন্দিদের ট্রলারে তোলা হতো।
সাক্ষীর বর্ণনা অনুযায়ী, ট্রলারটি নদীর গভীর পানিতে পৌঁছানোর পর গতি কমিয়ে দেওয়া হতো এবং র্যাব সদস্যদের সহযোগিতায় বন্দিদের বাইরে এনে গুলি চালানো হতো। হত্যাকাণ্ড শেষে মাঝিদের আর্থিক পারিতোষিক দেওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া নিজের ছোট ভাই আলকাছ মল্লিকের নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি জানান, জিয়া স্যারের কথামতো যাওয়ার পর থেকেই তার ভাইয়ের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জবানবন্দির শেষ পর্যায়ে কাঠগড়ায় উপস্থিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে শনাক্ত করেন সাক্ষী আব্বাস মল্লিক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন