বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১০৪ বছর বয়সে ১০ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৮:০২ পিএম

১০৪ বছর বয়সে ১০ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

ছবি : সংগৃহীত

দুই যুগ আগে কিশোরগঞ্জের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে হাজির হয়ে তিনি আপিলের শর্তে জামিনের আবেদন জানান। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

অসুস্থতাজনিত কারণে নিজ খরচে পরিবহনে কারাগারে যাওয়ার আবেদন জানালেও আদালত তা গ্রহণ করেননি। মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মোশাররফ হোসেন ও আবদুল কবির নামে দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সিন্দুক ভেঙে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। 

এই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আট আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০৭ সালে উচ্চ আদালত নুর মোহাম্মদের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। নুর মোহাম্মদ তদন্তকালে অপরাধের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। 

তবে পরবর্তীতে জামিন নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে আত্মগোপনে চলে যান এবং উচ্চ আদালতের রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান যে নুর মোহাম্মদ বর্তমানে গুরুতর অসুস্থ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন, যার কারণে নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন। যাবতীয় যুক্তিতর্ক পর্যালোচনা শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ বহাল রাখেন।