সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:০২ পিএম
শিশুদের সবজি খাওয়ানো অনেক বাবা-মায়ের জন্যই একটি কঠিন চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, খাদ্যাভ্যাসে ছোটখাটো ও ধারাবাহিক পরিবর্তন আনলে সহজেই এই সমস্যার সমাধান সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন যে শিশুদের জোর না করে কয়েকটি নির্দিষ্ট ও সহজ কৌশল অবলম্বন করলে তারা নিজেরাই সবজির প্রতি আগ্রহী হয়ে উঠবে। খাবার গ্রহণের শুরুতে শিশুদের মধ্যে যখন বেশি ক্ষুধা থাকে, তখন তাদের প্লেটে সবজি দেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি।
যুক্তরাজ্যের আটটি শিশু পরিচর্যা কেন্দ্রে ২০২৩ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে সকালে নাস্তার শুরুতেই সবজি দেওয়া হলে শিশুদের সবজি খাওয়ার হার সাত শতাংশের বেশি বেড়ে যায়। একই সবজি বারবার খেতে দেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল। প্রথমবার কোনো নতুন সবজি দেখে শিশুরা মুখ ফিরিয়ে নিতে পারে। তবে পাঁচ থেকে পনেরো বার সেটি তাদের সামনে উপস্থাপন করা হলে ধীরে ধীরে তারা সেটি গ্রহণ করতে শেখে।
পাশাপাশি প্লেটে মাংস বা অন্যান্য উচ্চ ক্যালরির খাবারের তুলনায় সবজির পরিমাণ অন্তত পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দিলে শিশুদের মধ্যে সবজি খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। সবজিকে আকর্ষণীয় করে তোলাও একটি কার্যকর পদ্ধতি। গাজর বা শসাকে তারা, ফুল বা প্রজাপতির মতো মজার আকৃতিতে কেটে পরিবেশন করলে শিশুদের আগ্রহ বাড়ে।
বাবা-মাকে নিজেদের খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হবে, কারণ শিশুরা বড়দের দেখেই শেখে। পরিবারের সবাই মিলে সপ্তাহে অন্তত তিনবার এক টেবিলে বসে সবজি খেলে শিশুরা তা দেখে অনুপ্রাণিত হয়। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো, শিশুদের কোনোভাবেই জোর করে খাওয়ানোর চেষ্টা করা যাবে না।
খাবার নিয়ে চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে সবজির প্রতি আরও অনীহা তৈরি হতে পারে। এর বদলে রান্নার সময় তাদের সবজি ধোয়া বা প্লেট সাজানোর মতো কাজে যুক্ত করলে খাবারের প্রতি তাদের অনীহা অনেকটাই কমে আসে বলে দিনাজপুর টিভি ডট কম ডেস্কের সংগৃহীত তথ্যানুযায়ী জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন