অক্টোবর ১৪, ২০২৫, ০৯:২৬ এএম
সকালের নাস্তাকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে গণ্য করা হয়। একটি স্বাস্থ্যকর নাস্তা আমাদের সারাদিনের শক্তি জোগায় এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে। কিন্তু অনেকেই ঘুম থেকে উঠেই এমন কিছু খাবার খেয়ে ফেলেন, যা খালি পেটের জন্য মোটেও উপযোগী নয়। এর ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজমসহ নানা ধরনের শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি খাবার সম্পর্কে,
যেগুলো স্বাস্থ্যকর হওয়া সত্ত্বেও সকালে খালি পেটে খাওয়া উচিত নয়।প্রথমেই আসে কফি। অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম কফি দিয়ে, যা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। খালি পেটে কফি পান করলে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যা বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রাইটিসের কারণ হতে পারে। তাই কফি খাওয়ার আগে অন্তত এক গ্লাস পানি বা হালকা কিছু খেয়ে নেওয়া উচিত।
দ্বিতীয়ত, যেকোনো ধরনের টক ফল, যেমন—কমলা, লেবু, জাম বা মাল্টা খালি পেটে খাওয়া থেকে বিরত থাকুন। এই ফলগুলো ভিটামিন সি-এর দারুণ উৎস হলেও এদের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড খালি পেটে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা বাড়িয়ে তোলে।
তৃতীয়ত, আগের রাতের রেখে দেওয়া তেল-মসলাযুক্ত খাবার সকালে খাওয়া ঠিক নয়। বিরিয়ানি, তেহারি বা যেকোনো ভাজাপোড়া খাবার খালি পেটে খেলে হজমের সমস্যা এবং বুক জ্বালাপোড়া হতে পারে। সকালের শুরুটা হওয়া উচিত সহজপাচ্য খাবার দিয়ে।
চতুর্থত, অনেকেই সকালে সতেজ অনুভব করার জন্য কোমল পানীয় বা সোডা পান করেন। এই অভ্যাসটি অত্যন্ত ক্ষতিকর। এসব পানীয়তে থাকা কার্বন ডাই অক্সাইড এবং উচ্চ মাত্রার চিনি খালি পেটে গ্যাস, পেট ফাঁপা এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেওয়ার কারণ হতে পারে।
সবশেষে, কাঁচা সবজি বা সালাদ স্বাস্থ্যের জন্য উপকারী হলেও খালি পেটে খাওয়া উচিত নয়। এগুলোতে থাকা অপরিশোধিত ফাইবার খালি পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে পেটব্যথা বা অস্বস্তি হতে পারে। দিনের অন্য সময়ে সালাদ খাওয়া ভালো, তবে সকালের শুরুটা নয়।
সকালের খাবার আপনার সারাদিনের সুস্থতার ভিত্তি গড়ে দেয়। তাই দিনটা শুরু করুন এক গ্লাস সাধারণ পানি দিয়ে এবং এরপর খান ওটস, রুটি, ডিম সেদ্ধ বা ফলের মতো সহজপাচ্য ও পুষ্টিকর খাবার।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন