নভেম্বর ৯, ২০২৬, ১২:৪১ পিএম
পরিবারের আর্থিক সংকট, অসুস্থ বাবা-মায়ের দায়িত্ব কিংবা সংসারের প্রয়োজনে অনেক নারী বর্তমানে ঘরের বাইরে চাকরি করছেন। বিশেষ করে পোশাক কারখানায় নারীদের কর্মসংস্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। নারীরা স্বামীর অনুমতি নিয়ে চাকরি করতে পারবেন কি না এবং কর্মক্ষেত্রে কী ধরনের পর্দা ও বিধিনিষেধ মানতে হবে, এসব বিষয়ে ইসলামী শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন গাজীপুরের মিরাশপাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও মুফতি সিরাজুল ইসলাম। ইসলামবিষয়ক প্রশ্নোত্তরভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত উত্তরে এই ব্যাখ্যা তুলে ধরা হয়।
ইসলামের বিধান অনুযায়ী, পরিবারের ভরণপোষণ, স্ত্রীর খোরপোশ ও আবাসনের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। স্ত্রীর ব্যক্তিগত উপার্জন করা কিংবা সংসারের খরচ বহন করা কোনোভাবেই বাধ্যতামূলক নয়। স্বামীর আর্থিক অসচ্ছলতা কিংবা পারিবারিক সংকট থাকলেও স্ত্রীর ওপর উপার্জনের কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া শরিয়তসম্মত নয়। পুরুষ হিসেবে পরিবারের দায়িত্ব পালন ও জীবিকা উপার্জনের চেষ্টা করা উচিত বলে ইসলামে নির্দেশনা রয়েছে।
পবিত্র কোরআনের সুরা নিসার ৩৪ নম্বর আয়াতে পুরুষদের পরিবারের দায়িত্বশীল হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে সুরা বাকারার ২৩৩ নম্বর আয়াতে সন্তানের পিতার ওপর মায়ের ভরণপোষণ ও পোশাকের দায়িত্ব অর্পণের কথা বলা হয়েছে। ইসলামে স্ত্রীকে ঘরে রেখে পারিবারিক শান্তি ও দ্বীনদারির পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে মুফতি সিরাজুল ইসলাম তার উত্তরে উল্লেখ করেছেন।
তবে জরুরি প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে কোনো নারী ঘরের বাইরে চাকরি করতে চাইলে কিছু শরয়ি শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে প্রথম শর্ত হলো, বিবাহিত নারীকে ঘরের বাইরে চাকরি করতে হলে অবশ্যই স্বামীর আন্তরিক অনুমতি থাকতে হবে। অনুমতি ছাড়া ঘরের বাইরে কাজ করার সুযোগ নেই।
দ্বিতীয়ত, কর্মস্থলে যাওয়া-আসার পথে এবং কর্মক্ষেত্রে শরিয়তসম্মত পর্দা কঠোরভাবে বজায় রাখতে হবে। শরীর যথাযথভাবে ঢেকে রাখতে হবে। তৃতীয়ত, কর্মক্ষেত্রে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা, গায়ে গা লাগিয়ে কাজ করা কিংবা নির্জনে অবস্থানের কোনো সুযোগ থাকা যাবে না।
চতুর্থ শর্ত হিসেবে বলা হয়েছে, সাজসজ্জা প্রদর্শন এবং পুরুষদের আকৃষ্ট করতে পারে এমন সুগন্ধি ব্যবহার থেকে নারী কর্মীদের সম্পূর্ণ বিরত থাকতে হবে। পঞ্চম শর্ত হলো, চাকরির কারণে যেন পরিবারের কোনো দায়িত্ব এবং দাম্পত্য অধিকার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
বিশেষজ্ঞ আলেমের ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব নারীদের জন্য সম্পূর্ণ আলাদা কর্মপরিবেশ রয়েছে এবং পুরুষদের সঙ্গে মেলামেশার প্রয়োজন পড়ে না, সেখানে একান্ত প্রয়োজনে স্ত্রীরা চাকরি করতে পারবেন। এমনকি পুরুষ সহকর্মী থাকলেও যদি পূর্ণাঙ্গ পর্দা বজায় রেখে কাজ করা সম্ভব হয়, তবে চাকরি করার সুযোগ রয়েছে।
তবে কর্মক্ষেত্রে শরিয়তের বিধান লঙ্ঘন করে বেপর্দা অবস্থায় কাজ করতে হলে সেই চাকরি করা জায়েজ হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। ইসলামী শরিয়তের এই সুনির্দিষ্ট বিধিমালার আওতায় নারীদের কর্মসংস্থান ও পেশাগত জীবন পরিচালিত হওয়া উচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন