রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে : জিল্লুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ১০:২৮ এএম

নির্বাচন নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, দেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একটি তোড়জোড় শুরু হয়েছে দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকেন্দ্রিক নানা রকমের কাজকর্ম শুরু করেছে, নির্বাচন কমিশনও কিছু তৎপরতা দেখাচ্ছে এবং সরকার জোর দিয়ে বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে এত কিছুর পরও তিনি নিজে ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখছেন না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সরকার এমন একটি ভাব দেখাচ্ছে যে, কোনো পরিস্থিতিতেই নির্বাচন একদিনও পেছানো যাবে না এবং কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করলে তা রুখে দেওয়া হবে।

নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিজের আগের অবস্থানের পুনরাবৃত্তি করে জিল্লুর রহমান বলেন, ‘আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না। কিন্তু রাজনীতিতে একেবারে মেপে কথা বলা খুব কঠিন। তারপরও আমি বলছি, ফেব্রুয়ারিতে (গ্রহণযোগ্য) নির্বাচন দেখি না।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘নির্বাচন একটা হতে পারে কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না।’

তিনি মনে করেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে তা ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনের ধারাবাহিকতায় একটি একপক্ষীয় নির্বাচন হবে। এটি একটি সংঘাতময় নির্বাচন হওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জিল্লুর রহমান বলেন, ‘এই সংঘাত-টংঘাত আমি যখন বলি, তখন অনেকেই ট্রল করেন। কিন্তু সরকারের উপদেষ্টারা বা কর্তা ব্যক্তিরা যদি বলেন যে, আগামী কয়েক মাসের মধ্যে দেশ সংঘাতময় হয়ে উঠবে, তখন কারো খুব একটা খারাপ লাগে না তাতে।’

বিশ্লেষক জিল্লুর রহমান মনে করেন, নির্বাচনটা আরও আগেই, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। তিনি তার বক্তব্যে বারবার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।