নভেম্বর ১৭, ২০২৫, ০৯:০৬ পিএম
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের আনুষ্ঠানিক অবস্থান জানায়। তবে, এই প্রতিক্রিয়ায় রায় কার্যকর করার জন্য দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে হস্তান্তরের বিষয়ে কোনো সরাসরি উত্তর দেয়নি দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, ভারত সেটি 'লক্ষ্য করেছে'।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, "ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্যে সবসময় সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবো।" এই বিবৃতিটি কূটনৈতিক ভাষায় সতর্কতার সঙ্গে দেওয়া হলেও, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনও জবাব দেয়নি দিল্লি।
অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রায় ঘোষণার পরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের প্রতি কঠোর আহ্বান জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনও দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানায়, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এবং এই কাজ দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব। উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল ঢাকা। তবে ভারতের কাছ থেকে কোনও ইতিবাচক উত্তর আসেনি। সর্বশেষ রায়ের পর দিল্লির নীরবতা সেই পূর্ববর্তী অবস্থানেরই ধারাবাহিকতা বলে কূটনৈতিক মহল মনে করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন