নভেম্বর ২১, ২০২৫, ১১:৪৫ এএম
আল্লাহতায়ালা তার বান্দাদের পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে তাদের বিভিন্ন বিপদ-আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন। এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ এই পৃথিবীতে আল্লাহতায়ালার কুদরতের অন্যতম নিদর্শন। ভূমিকম্প তারই একটি নিদর্শন, যা সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।
মানুষ যখন আল্লাহপ্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয়, তখন আল্লাহর কুদরতের সামনে তার অসহায়ত্ব স্মরণ করে বিনয়াবনত চিত্তে তার কাছে এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করতে হয়।
দুনিয়াবি আযাব থেকে মহান রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করে দোয়ার কথা বিভিন্ন সময়ে হাদিসে এসেছে। আবুল ইয়ুস্র (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করতেন: "হে আল্লাহ!
আমি তোমার নিকট ঘর-বাড়ি ভেঙে চাপা পড়া থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ব্যাপার হতে, পানিতে ডুবে, আগুনে জ্বলা ও বার্ধক্যজনিত দুর্বলতা হতে তোমার আশ্রয় কামনা করছি এবং আমি তোমার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট যুদ্ধের ময়দান হতে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে তোমার আশ্রয় কামনা করি এবং আমি তোমার নিকট দংশনজনিত (সাপ, বিচ্ছুর) কারণে মৃত্যুবরণ করা হতে বাঁচার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি।
আরবিতে দোয়াটি হলো: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাদমি ওয়া-আযুজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া-আউযুবিকা মিনাল গারাকি ওয়াল-হারকি ওয়াল-হারামি, ওয়া-আউযুবিকা আন-ইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া-আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া- আউযুবিকা আন-আমুতা লাদি-গান। (আবু দাউদ: ১৫৫২)
এছাড়াও, কোরআনে বর্ণিত নিম্নোক্ত আয়াতটিও পাঠ করা যেতে পারে, যা বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা:
কুরআনের আয়াত: ‘يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ’
বাংলা উচ্চারণ: ইয়া না-রু কুউনি বারদান ওয়া-সালামান আলা ইবরাহিম।
অর্থ: ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আল-আম্বিয়া: ৬৯)


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন