বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এবার কঠোর আন্দোলনের ঘোষণা ইনডেক্সধারী শিক্ষকদের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৮:১৪ পিএম

এবার কঠোর আন্দোলনের ঘোষণা ইনডেক্সধারী শিক্ষকদের

এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম শুরু না হওয়ায় এবং শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে এবার কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ইনডেক্সধারী শিক্ষকরা। আগামী বুধবার (২৬ নভেম্বর) অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের এই আন্দোলন শুরু হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ধাপে ধাপে কর্মসূচি আরও কঠোর হবে এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চও করা হতে পারে।

'ইউনিটি অব টিচার্স'-এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু বলেন, "শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলির জন্য চেষ্টা করছেন। কিন্তু মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সেই সুযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনের দিকে যাচ্ছি।

 তিনি উল্লেখ করেন, ইনডেক্সধারী শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এভাবে চলতে দেওয়া যায় না, শিক্ষকরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবেন।এই শিক্ষক নেতা জানান, ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আগামী ২৬ নভেম্বর এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি মনে করেন, আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিজ জেলা ও উপজেলায় যাওয়ার ব্যবস্থা এনটিআরসিএকেই করতে হবে।

অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। তারা প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।