বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভূমিকম্পে করণীয় জানালো ফায়ার সার্ভিস: আতঙ্ক নয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৫:১৯ পিএম

ভূমিকম্পে করণীয় জানালো ফায়ার সার্ভিস: আতঙ্ক নয়

দেশে গত ২১ নভেম্বর সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর আরও কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে করণীয় মেনে চলার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

সংস্থাটি জানায়, ভূমিকম্প চলাকালীন সঠিক পদক্ষেপ নিলে প্রাণহানি ও ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ফায়ার সার্ভিস যে সতর্কতাগুলো জরুরি ভিত্তিতে মেনে চলতে বলেছে, তা নিচে তুলে ধরা হলো—ভূমিকম্পের সময় জরুরি করণীয়

শান্ত ও স্থির থাকুন: ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে স্থির থাকুন। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।ড্রপ-কাভার-হোল্ড পদ্ধতি অনুসরণ করুন: বহুতল ভবনে থাকলে অবশ্যই 'ড্রপ-কাভার-হোল্ড' পদ্ধতি অনুসরণ করুন। অর্থাৎ, নিচু হোন, শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।

লিফট ব্যবহার নয়: ভূমিকম্প চলাকালীন কখনও লিফট ব্যবহার করা যাবে না। ভূমিকম্প থামার পর দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন।ঝুঁকিপূর্ণ আসবাব ও ঝুলন্ত জিনিস থেকে দূরে: বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি, ফ্যান বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন—টর্চ, হেলমেট, জরুরি ওষুধ, বাঁশি—হাতের কাছে রাখুন।

বাইরে থাকলে খোলা স্থানে আশ্রয়: গাছ, বৈদ্যুতিক খুঁটি, উঁচু ভবন বা দেয়ালের পাশে দাঁড়াবেন না।গাড়িতে থাকলে নিরাপদ স্থানে থামুন: ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান এবং ভূকম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

আফটারশক সতর্কতা: একটি ভূমিকম্পের পর আফটারশক হওয়া স্বাভাবিক। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ বা দুর্বল স্থাপনার কাছে যাবেন না—এগুলো আরও ভেঙে পড়তে পারে।

ফায়ার সার্ভিস বলেছে, সবার দায়িত্বশীল আচরণেই বড় ক্ষতি কমানো সম্ভব। জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন: ১০২।