বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাল মাউশি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৫৫ পিএম

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, আগামী ডিসেম্বরের ৮ বা ৯ তারিখের মধ্যে তারা নভেম্বরের মাসের বেতন-ভাতা পেতে পারেন।

আজ সোমবার (০১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, নভেম্বর-২০২৫ মাসের বেতনের হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আইবাসেও জমা দেওয়া হয়েছে।

তবে আইবাসের জনবল বিদেশে থাকায় এবার শিক্ষকদের বেতন পেতে একটু দেরি হবে:আইবাসের টেকনিক্যাল জনবল বিদেশ ট্যুরে আছেন। তারা আগামী ৪ ডিসেম্বর দেশে ফিরবেন। এর পর হয়তো তারা বেতনের কাজ করতে পারবেন। শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন পেতে ডিসেম্বরের ৮/৯ তারিখ পর্যন্ত লেগে যেতে পারে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে, যা প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্বচ্ছ করেছে।