ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:০৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচনের তফসিল নির্ধারণ নিয়ে কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
ওই নির্বাচন কমিশনার জানান, প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হয় এবং সাক্ষাতের দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রবিবারের বৈঠকের পর সেই সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য ইসি শতভাগ প্রস্তুত। এই দুটি ভোট ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হবে।
যেহেতু একই ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে, তাই ভোটগ্রহণে কিছুটা বেশি সময় লাগতে পারে। এই বিষয়টি মাথায় রেখে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো এবং গোপন বুথের সংখ্যা বাড়ানোর বিষয়টি কমিশন সক্রিয়ভাবে বিবেচনা করছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কমিশন সভায় নেওয়া হবে। ইসির একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮, ৯, ১০ কিংবা ১১ ডিসেম্বর) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ভোটগ্রহণ হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন