ডিসেম্বর ৭, ২০২৫, ১১:১৭ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইদিন অনুষ্ঠেয় গণভোটের তফসিল পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
সারাদেশের রাজনীতিতে এখন এই বৈঠকের সিদ্ধান্তের দিকে সবার নজর।ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচিসহ ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে।
নির্বাচনের তফসিল চূড়ান্ত করাই বৈঠকের মূল এজেন্ডা। এর পাশাপাশি পোস্টাল ব্যালটের ব্যালট পেপার আনা–নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে।
নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময় বিষয়েও বিশদ আলোচনা হবে।
এই বৈঠকটি মূলত জাতীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছে। যেহেতু ইসি সচিব এর আগে তফসিল নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছিলেন, তাই আজকের এই আনুষ্ঠানিক সভা থেকে একটি পরিষ্কার বার্তা আসার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন