ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৫৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সিইসি সুপ্রিম কোর্টে আসেন এবং ২টা ৫ মিনিট থেকে প্রধান বিচারপতির খাসকামরায় তাঁর সঙ্গে বৈঠক শুরু হয়।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, প্রধান বিচারপতি এ মাসেই অবসরে যাবেন। যেহেতু তাঁরা একসঙ্গে কাজ করেছেন, তাই এটি মূলত তাঁর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি জানান, এই সাক্ষাতের সময় নির্বাচনি বিষয় নিয়েও কথা হয়েছে।
সিইসি আরও বলেন, প্রধান বিচারপতি তাঁর সঙ্গে সাক্ষাৎকালে 'ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি' (নির্বাচনি অনুসন্ধান কমিটি) বা ইআইসি ডেপ্লয় করবেন। তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই অনুসন্ধান কমিটি দ্রুত কার্যকর করা হয়। তাই ইআইসি ডেপ্লয়মেন্টের কাজ যেন ত্বরান্বিত করা হয়, সে বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ জানানো হয়েছে। প্রধান বিচারপতি এই বিষয়ে আশ্বাস দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, "ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।
তবে নির্বাচন সংক্রান্ত কোনো মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি বলেও সিইসি জানান।উল্লেখ্য, এর আগে ইসি সূত্র থেকে জানা গিয়েছিল যে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ১০ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঘোষণা করা হতে পারে। সিইসি'র এই ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হলো যে, দেশের রাজনৈতিক মহলের অপেক্ষার পালা শেষ হচ্ছে এবং চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তভাবে জানা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন