সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তপশিল ঘোষণার পর সমাবেশ-আন্দোলন বন্ধের আহ্বান সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪১ পিএম

তপশিল ঘোষণার পর সমাবেশ-আন্দোলন বন্ধের আহ্বান সরকারের

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে তপশিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ।

গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়—বর্তমানে এটাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মকভাবে মনোনিবেশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনি তপশিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরকার কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তপশিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন, তাদের আইনের আওতায় আনা হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই প্রসঙ্গে বলেন, আমরা জানি অনেকেরই ন্যায্য দাবি-দাওয়া রয়েছে। গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভের মাধ্যমে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করেছেন।

সরকার ন্যায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে এবং আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে। তবে তিনি বলেন, আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে সকলের যা কিছু দাবি-দাওয়া আছে, তা নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না।