বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঐকমত্য কমিশনের ৮ খন্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:১০ পিএম

ঐকমত্য কমিশনের ৮ খন্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত

সবার অবগতির জন্য জাতীয় ঐকমত্য কমিশনের আট খন্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই বিস্তারিত প্রতিবেদনে কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো, জুলাই জাতীয় সনদ এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটগুলোর দেওয়া মতামতসহ সংশ্লিষ্ট সকল নথিপত্র অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।প্রতিবেদনের সবগুলো খন্ড https://reform.gov.bd ঠিকানার ওয়েব পেইজে দেওয়া হয়েছে।

এই ওয়েবসাইটে জাতীয় ঐকমত্য কমিশন ছাড়াও এর আগে ও পরে গঠিত মোট এগারোটি সংস্কার কমিশনের সকল প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত বছরের অক্টোবর মাস থেকে শুরু করে পরবর্তী সময়ে সর্বমোট এগারোটি সংস্কার কমিশন গঠন করেছিল। এর মধ্যে প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রমের সমাপ্তিলগ্নে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের সভাপতি করা হয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এবং সহ-সভাপতি করা হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজকে। অপর পাঁচটি কমিশনের প্রধানকে কমিশনের সদস্য করা হয়।

তবে পরবর্তী সময়ে বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের অপারগতার কারণে উক্ত দুই কমিশনের দু'জন জ্যেষ্ঠ সদস্যকে ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

প্রতিবেদনে বিশেষভাবে যা রয়েছে:

কমিশনের চূড়ান্ত সুপারিশমালা।

রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে আলোচনার সারসংক্ষেপ।

ঐকমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটগুলোর দেওয়া মতামত ও নথিপত্র।

কমিশনের করা জনমত জরিপের ফলাফল।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সঙ্গে বিভিন্ন ধাপের ধারাবাহিক আলাপ-আলোচনার মাধ্যমে গত ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়। এরপর গত ১৭ অক্টোবর দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সনদটি স্বাক্ষরিত হয়।

ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতেই সরকার ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে। এই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে জাতীয় সংস্কার প্রক্রিয়া সংক্রান্ত সকল তথ্য জনগণের সামনে উন্মুক্ত করা হলো।