ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৫৮ পিএম
বাজারে বিদ্যমান অবিক্রীত সব মোবাইল হ্যান্ডসেট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মিতকরণের (তালিকাভুক্ত) জন্য বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসিতে মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণ সহযোগিতার বিষয়ে বিটিআরসি এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় মোবাইল হ্যান্ডসেট আমদানি এবং ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদানের বিদ্যমান প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনার পর কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:
১. আমদানি প্রক্রিয়া সহজীকরণ: বিদেশ থেকে ক্লোন, কপি, ব্যবহৃত বা রিফারবিশড মোবাইল হ্যান্ডসেট যেন দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করতে না পারে, তা রোধ করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে, শুধু মোবাইল ফোনের মূল উৎপাদনকারী সংস্থার পাশাপাশি যেকোনো অনুমোদিত সরবরাহকারীর (অথরাইজড ডিস্ট্রিবিউটর) প্রত্যায়নপত্রসহ আবেদন করা হলে বিটিআরসি থেকে স্বল্প সময়ের মধ্যে আমদানির অনুমোদন দেওয়া হবে।
২. অবিক্রীত ফোন নিয়মিতকরণ: 'মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ'-এর চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বাজারে বিদ্যমান অবিক্রীত সব মোবাইল হ্যান্ডসেট নিয়মিতকরণের (এনলিস্টমেন্ট) উদ্দেশে এ সংশ্লিষ্ট তথ্য নির্ধারিত ছকে জমা দিলে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই পদক্ষেপের মাধ্যমে বাজারে থাকা প্রায় ৫০ লাখ অনিবন্ধিত হ্যান্ডসেট বৈধতা পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
৩. সহযোগিতা নিশ্চিতকরণ: 'বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা, ২০২৪' অনুযায়ী বৈধভাবে মোবাইল ফোন আমদানি করা হলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিটিআরসি থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করা হয়।
উল্লেখ্য, দেশের বাজারে অবৈধ মোবাইল ফোন ঠেকানো এবং রাজস্ব ক্ষতি রোধ করার জন্য বিটিআরসির পক্ষ থেকে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পূর্বে জানিয়েছিলেন, এনইআইআর ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানি করা বা নকল মোবাইল সেট ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে, যা সরকার ও দেশীয় উৎপাদন শিল্পের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন