রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ১০:০৯ এএম

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন উত্তাপ বাড়ছে, তখন নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার।

এই সাক্ষাতের মাধ্যমেই তপশিল ঘোষণার চূড়ান্ত ধাপটি সম্পন্ন হতে যাচ্ছে।ইতোমধ্যে তপশিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নিশ্চিত করেছেন যে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিইসি তাঁর ভাষণে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সহযোগিতা করার বিষয়ে বিশেষভাবে আহ্বান জানাবেন।

সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী, নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এর আগে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে পুরো কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করে প্রস্তুতি অবহিত করেছিল। এছাড়াও, নির্বাচন কমিশন ইতোমধ্যেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নতুন গেজেটও প্রকাশ করেছে।