রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ত্রাসী ফয়সালের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না: আসিফ নজরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:২৭ এএম

সন্ত্রাসী ফয়সালের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না: আসিফ নজরুল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণকারী ছাত্রলীগ সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না বলে স্পষ্ট জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

আইন উপদেষ্টা জানান, ফয়সাল করিম মাসুদ গত বছর অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিল। তিনি উল্লেখ করেন, হাইকোর্ট বিচারিক কাজে একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং এর ওপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই।

তিনি প্রশ্ন তোলেন, প্রভাবশালী আইনজীবীদের প্রভাবে কীভাবে একজন চিহ্নিত সন্ত্রাসীর জামিন হওয়া সহজতর হয়।আসিফ নজরুল বলেন, গুরুতর অপরাধের সঙ্গে যার সংযোগ স্পষ্ট, যে চিহ্নিত সন্ত্রাসী এবং যার জামিন পেলে অন্য কারো জীবন বিপন্ন হতে পারে, তাকে জামিন দেওয়া অস্বাভাবিক ও অসংগত। তিনি আরও জানান, উচ্চ আদালতে এ ধরনের অস্বাভাবিক জামিন নিয়ে তিনি ইতিপূর্বে প্রধান বিচারপতির কাছেও উদ্বেগ প্রকাশ করেছেন।

নিম্ন আদালতের জামিন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন যে, অনেক ক্ষেত্রে পুলিশ আসামির অপরাধে জড়িত থাকার তথ্য বা দলীয় পরিচয় অভিযোগপত্রে গোপন করে, যার ফলে জামিন পাওয়া সহজ হয়।বিচারিক বিবেচনার বাইরে গিয়ে যারা ‘জামিন বাণিজ্যে’ লিপ্ত আছেন, তাঁদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা বলেন:থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দেবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের সুযোগ করে দেবেন না।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত এই ফয়সাল করিম মাসুদ। তিনি এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হয়েছিলেন।