ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৫৫ এএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর প্রবাসী ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় হাদির প্রথম জানাজা হওয়ার কথা ছিল। এই উপলক্ষে সকাল ৮টা থেকেই সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে শত শত প্রবাসী বাংলাদেশি মসজিদের সামনে জড়ো হন।
জানাজার জন্য আসা প্রবাসী জাফর চৌধুরী বলেন, “শহীদ ওসমান হাদির জানাজা পড়ার জন্য ফজরের পরই এখানে হাজির হয়েছিলাম। কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তাজনিত কারণে জানাজা পড়ার অনুমতি মেলেনি। আমরা অত্যন্ত হতাশ ও ভারাক্রান্ত মনে ফিরে যাচ্ছি।
সিঙ্গাপুরে জানাজা না হওয়ায় এখন সরাসরি তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে:বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে মরদেহ আনা হচ্ছে।সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি রওনা দেবে।আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ওসমান হাদির প্রথম (এবং সামগ্রিকভাবে দ্বিতীয়) জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। সংগঠনটি দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী, আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আজ শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।হাদির এই ‘শহীদি মৃত্যু’র প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আজ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন