ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২০ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে। তাঁর মরদেহ গ্রহণের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কোথায় নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়: শহীদ হাদিকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ‘জুলাই জজবার প্রাণ’ হাদিকে গ্রহণ করতে বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সর্বস্তরের মানুষকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে সর্বসাধারণের সাক্ষাত ও শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।গত ১২ ডিসেম্বর আততায়ীর গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান হাদি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা হাদিকে ‘অকুতোভয় যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন এবং তাঁর স্মরণে আগামীকাল শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।
বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আজ জুমার নামাজের পর সারাদেশের মসজিদে মসজিদে হাদির জন্য দোয়া করা হয়েছে। এছাড়া হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দৃঢ় প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।ইনকিলাব মঞ্চের পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য ঝালকাঠির নলছিটিতে নিয়ে যাওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন