ডিসেম্বর ২০, ২০২৫, ১১:২৮ এএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা। শনিবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এই জানাজায় ইমামতি করবেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।
বিমানবন্দর থেকে মরদেহটি সরাসরি হিমাগারে রাখা হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে জানাজা ও দাফনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এই জানাজা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জানাজায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনায় কোনো ধরনের ভারী ব্যাগ বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না।
একই সঙ্গে জানাজা চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের পুরো এলাকায় ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানাজা ও দাফন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করছেন। পরিবারের পক্ষ থেকে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শান্তি ও শৃঙ্খলার সাথে জানাজায় শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
শহীদ ওসমান হাদির এই শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থক ও সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় সমবেত হচ্ছেন। কবির কবরের পাশে দাফনের সিদ্ধান্তকে শহীদ হাদির ত্যাগের প্রতি বিশেষ সম্মাননা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দুপুর ২টার জানাজা শেষে একটি শোক মিছিলের মাধ্যমে মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হবে যেখানে অন্তিম শয়ানে শায়িত হবেন এই ছাত্র নেতা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন