ডিসেম্বর ২০, ২০২৫, ০২:৩৪ পিএম
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ শরিক হন।
এর আগে শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামতে শুরু করে। দুপুর ১টা বাজার আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে ফার্মগেট, বিজয় সরণি ও আসাদগেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। সমবেত জনতা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাব’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন সব গগনবিদারী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। জানাজা উপলক্ষে পুরো সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষ গোসল করানো হয়। এরপর সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল শোক মিছিলের মাধ্যমে মরদেহটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। শহীদ হাদির নিথর দেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন জানাজাস্থলে পৌঁছায় তখন সেখানে এক অত্যন্ত আবেগঘন ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে জানাজা শেষে এখন মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফন কার্যক্রম সম্পন্ন করতে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব প্রস্তুতি চূড়ান্ত করেছে। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর শাহাদাতবরণ করেন এই সাহসী ছাত্রনেতা। আজ তার শেষ বিদায়ে পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় তাকে স্মরণ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন