ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:৪৬ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে রাজধানী ঢাকায় নেমেছিল লাখো মানুষের ঢল। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত এই বিশাল জানাজা কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষ গুরুত্বের সাথে স্থান পেয়েছে।
বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো হাদির জানাজাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে চিত্রায়িত করেছে:
আলজাজিরা: কাতারভিত্তিক এই সংবাদমাধ্যম জানায়, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাদির দাফন সম্পন্ন হয়েছে এবং তাঁর স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
রয়টার্স: বার্তা সংস্থাটি লিখেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ হাদির জানাজায় অংশ নিয়েছেন। জাতীয় কবির পাশে তাঁকে দাফনের মাধ্যমে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি যথাযথ সম্মান জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট: যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী পত্রিকাটি শিরোনাম করেছে—নির্বাচনের আগে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে নিহত কর্মীর প্রতি বাংলাদেশ শোক প্রকাশ করেছে। টিআরটি ওয়ার্ল্ড: তুরস্কের এই গণমাধ্যম জানিয়েছে, নিহত ছাত্রনেতার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার রাজপথে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম: টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি সরাসরি আপডেট প্রকাশ করেছে। এনডিটিভির শিরোনাম ছিল— “তাঁর রক্ত বৃথা যাবে না—হাদির জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের প্রত্যয়।ডন ও জিও নিউজ: পাকিস্তানের এই সংবাদমাধ্যমগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর প্রচার করেছে।আরব নিউজসহ বিশ্বের বেশিরভাগ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে হাদির প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসা ও ঐক্যের চিত্র। বিশ্ব গণমাধ্যমগুলো বিশেষভাবে উল্লেখ করেছে যে, হাদির মৃত্যু বাংলাদেশকে পুনরায় আধিপত্যবাদ বিরোধী চেতনায় ঐক্যবদ্ধ করেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিশাল জনসমাগম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থন এবং শহীদদের প্রতি তাঁদের আবেগের বহিঃপ্রকাশ।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান হাদি। আজ শনিবার দাফন শেষে তাঁর আদর্শ বাস্তবায়নের শপথ নিয়েছে উপস্থিত ছাত্র-জনতা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন