রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ১২:০৩ পিএম

ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ

রাজধানীর ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন যে দায়ের করা মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।

তবে এজাহারে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু করেছে বলে জানিয়েছে।

গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল দুর্বৃত্ত ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে অতর্কিত হামলা চালায়। ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীরা ভবনের ভেতর ঢুকে সিসি ক্যামেরা, কম্পিউটার ও আসবাবপত্রের পাশাপাশি মূল্যবান বাদ্যযন্ত্র যেমন তবলা, হারমোনিয়াম ও বেহালা ভাঙচুর করে। ভবনের প্রতিটি তলাতেই তাণ্ডব চালানো হয়েছে এবং নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাটের অভিযোগও করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও প্রতিষ্ঠানটির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ধ্বংসস্তূপ দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন যে কোনো ধরণের সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলা গ্রহণযোগ্য নয়। হাদি হত্যার ঘটনায় উত্তেজনার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। বর্তমানে ছায়ানট ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে সংগৃহীত ভিডিও ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।