রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২৩ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের বর্তমান ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং চলমান বিশেষ অভিযান সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ২১ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান নিশ্চিত করেছেন যে এই সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন এবং চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সহ দেশের বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেবেন।

মূলত গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতা এবং অপরাধ দমনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

গত ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বড় ধরণের চিরুনি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত এক সপ্তাহের অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে অনেক চিহ্নিত অপরাধী ও রাজনৈতিক ক্যাডার রয়েছে। এই সময়ের মধ্যে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে যা জনমনে স্বস্তি ফেরাতে বড় ভূমিকা রাখছে বলে দাবি করছে মন্ত্রণালয়। আজকের সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত পরিসংখ্যান এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে গতকাল শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার একটি আল্টিমেটাম দেওয়া হয়েছিল যার সময়সীমা আজ শেষ হচ্ছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মন্ত্রণালয় থেকে এই জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হলো। সংশ্লিষ্টরা মনে করছেন হাদি হত্যার তদন্তের অগ্রগতি এবং শাহবাগের আল্টিমেটাম নিয়ে আজ সরকারের অবস্থান পরিষ্কার করতে পারেন উপদেষ্টা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাগুলো রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা দেওয়া হতে পারে আজকের এই ব্রিফিং থেকে।