সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ শরিফ ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ২ দফা দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম

শহীদ শরিফ ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ২ দফা দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে দুই দফা দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবিগুলো তুলে ধরা হয়।

মূলত ১২ ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রশাসনের নেওয়া পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে সংগঠনটি এই নতুন কর্মসূচি ও আল্টিমেটাম ঘোষণা করেছে।

বিবৃতিতে দেওয়া প্রথম দাবিতে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান হাদির সরাসরি খুনি, নেপথ্যের পরিকল্পনাকারী, আর্থিক জোগানদাতা, পালানোয় সহযোগী এবং আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

১২ ডিসেম্বর থেকে এখন অবধি তদন্তে কী অগ্রগতি হয়েছে এবং সরকারকে কী কী পদক্ষেপ নিতে দেখা গেছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে হবে।দ্বিতীয় দাবিতে ইনকিলাব মঞ্চ উল্লেখ করেছে, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের (গোয়েন্দা সংস্থা) ভেতরে এখনো ফ্যাসিস্ট শক্তির দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, রোববারের নির্ধারিত সংবাদ সম্মেলনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হয়, তবে ব্যর্থতার দায়ভার গ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কেই পদত্যাগ করতে হবে। ইনকিলাব মঞ্চ মনে করে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।