শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১০:০৭ এএম

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি, বড়দিন ও ইংরেজি নববর্ষের নিরাপত্তা এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার বিচার।পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম।

এছাড়া চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের পাশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৩ জনকেও শনাক্ত করা হয়েছে।প্রধান উপদেষ্টা বৈঠকে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে গতি বাড়ানো এবং প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন যে, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ছক তৈরির নির্দেশনা দেওয়া হয়।