ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:০৬ এএম
ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাসে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম হাইকমিশনারের সাথে এই বৈঠক করেন এবং ভারতের মাটিতে বাংলাদেশি কূটনীতিক ও মিশনগুলোর নিরাপত্তা নিয়ে ঢাকা'র গভীর উদ্বেগের কথা জানান।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলো নিয়ে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করে মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হয়। বিশেষ করে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশন ও কূটনীতিকদের যে নিরাপত্তা সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে প্রণয় ভার্মা গণমাধ্যমের সাথে কথা না বললেও ধারণা করা হচ্ছে, তিনি ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ এবং মিশনের সামনে অপ্রীতিকর ঘটনার জের ধরেই এই পদক্ষেপ নিল ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন