ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৩০ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের জুবায়েরপন্থিদের প্রস্তাবিত ‘জোড়’ এবং আগামী ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজন না করার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুবায়েরপন্থি অনুসারীরা আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ‘বিশ্ব ইজতেমা-২৬’ অনুষ্ঠানের জন্য আবেদন জানিয়েছিলেন।
তবে সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে উক্ত সময়সূচিতে ইজতেমা ময়দানে কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং গণভোটের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ কারণে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা’সহ যে কোনো ধরনের ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ থেকে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের সমাগম ঘটে, যা বর্তমান নির্বাচনি পরিস্থিতিতে জননিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে সরকার। সরকারের এই নির্দেশনার ফলে নির্ধারিত সময়ে ইজতেমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন