রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১১:৫৯ এএম

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন

সম্প্রতি সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেলে বেতন নব্বই শতাংশ বৃদ্ধির একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় বেতন কমিশন বা পে-কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে এই তথ্যটি সঠিক নয় এবং এটি নিছক একটি গুজব।

কমিশনের দায়িত্বশীল সূত্র মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে যে বেতন বৃদ্ধির হার বা গ্রেড সংখ্যা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

কমিশনের সদস্যদের মধ্যে বেতন কাঠামোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতভেদ থাকায় এখনও সরকারের কাছে কোনো সুপারিশ জমা দেওয়া সম্ভব হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক সদস্য জানিয়েছেন, ১৬টি গ্রেড করা বা ৯০ শতাংশ বেতন বাড়ানোর যে কথা শোনা যাচ্ছে।

তার কোনো দাপ্তরিক ভিত্তি নেই। মূলত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন এবং গ্রেড বিন্যাস নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।এই অচলাবস্থা নিরসনে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভাটি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকেই গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোর বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। কমিশনের টেবিলে বর্তমানে তিনটি বিকল্প প্রস্তাব রয়েছে।

কমিশনের একটি অংশ বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার পক্ষে থাকলেও, অন্য একটি অংশ গ্রেড কমিয়ে ১৬টি করার প্রস্তাব দিয়েছে। আবার কেউ কেউ গ্রেড সংখ্যা আরও কমিয়ে ১৪টিতে নামিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন। কমিশন এখন একটি বাস্তবসম্মত ও সবার কাছে গ্রহণযোগ্য বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে এই প্রস্তাবগুলো গভীরভাবে পর্যালোচনা করছে।