জানুয়ারি ৯, ২০২৬, ০৫:৪৭ পিএম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার মধ্যকার এই ফোনালাপে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ করে, আগামী ১০ জানুয়ারি (২০২৬) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টারস’-এর আসন্ন অধিবেশন নিয়ে তারা কথা বলেন এবং এই অধিবেশন আহ্বানের উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে, গত ৪ জানুয়ারি প্রথম দফায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেছিলেন ইসহাক দার। সে সময় তিনি চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে ছিলেন। বেইজিং থেকেই তিনি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।
কূটনৈতিক সূত্র মতে, পরপর দুটি ফোনালাপ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। ফোনালাপে উভয় নেতা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়েও তারা সম্মত হয়েছেন।জেদ্দায় ওআইসি সম্মেলনের ঠিক আগমুহূর্তে এই যোগাযোগ মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের কূটনৈতিক সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন