জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৩০ পিএম
সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার জেরে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—মর্মে ছড়িয়ে পড়া সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক জরুরি প্রেস নোটের মাধ্যমে এই বিভ্রান্তি নিরসন করা হয়।
ইসির বরাতে ওই প্রেস নোটে স্পষ্টভাবে বলা হয়,পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন—মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়।
এ বিষয়ে প্রচারিত ভুল সংবাদটি প্রত্যাহার বা বন্ধ রাখার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
মূলত গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে সীমানা সংক্রান্ত ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন। আদালতের এই আদেশের ব্যাখ্যা নিয়ে শুক্রবার সকালে ধোঁয়াশা তৈরি হয়।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাত দিয়ে সকালে কিছু গণমাধ্যমে খবর ছড়ায় যে, নির্বাচন স্থগিত হয়েছে। তিনি গণমাধ্যমে বলেছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।”
তবে পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে বলা হয়, আদালতের আদেশের কারণে নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে থমকে থাকলেও পুরো ‘নির্বাচন স্থগিত’ বা বাতিল হয়নি। আদালতের পরবর্তী নির্দেশনার ওপর ভিত্তি করে কার্যক্রম পুনরায় চালু হবে। অর্থাৎ, নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে, তা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়নি।নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে। এই দুই আসনে সীমানা নিয়ে আইনি লড়াই নিষ্পত্তি হলেই নির্বাচনী কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে বলে আশা করছে ইসি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন