জানুয়ারি ১০, ২০২৬, ০২:৪২ পিএম
আওয়ামী লীগের কিছু ‘সন্ত্রাসীর’ জামিন পাওয়ার ঘটনায় বিচার বিভাগ ও বিচারপতিদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এসব আসামিদের জামিন পাওয়ার দায় সম্পূর্ণভাবে বিচারপতিদের ওপর বর্তায় এবং তাদের অপসারণের দায়িত্ব ছিল প্রধান বিচারপতির।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগের আমলের প্রধান বিচারপতির সমালোচনা আমরা করেছি। কিন্তু বর্তমান প্রধান বিচারপতিকে নিয়ে কেন আপনারা কথা বলেন না? প্রধান বিচারপতির দায়িত্ব ছিল বিতর্কিত বিচারপতিদের অপসারণ করা।
কিন্তু তারা জামিন পাচ্ছেন, আর দায় চাপানো হচ্ছে আইন উপদেষ্টার ওপর।জামিন সংক্রান্ত বিষয়ে তাকে দোষারোপ করার প্রতিবাদ জানিয়ে তিনি অতীতের উদাহরণ টানেন। তিনি প্রশ্ন করেন, “তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে কি তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের দোষ দেওয়া হয়েছিল, নাকি আইনমন্ত্রীকে? বিচারপতি শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি আইনমন্ত্রী দায়ী ছিলেন? তাহলে এখন যে বিষয়ে আইনমন্ত্রীর কোনো সম্পর্ক নেই, সেখানে আমাকে কেন দোষ দেওয়া হয়?
তাকে লক্ষ্য করে সমালোচনার পেছনে দুটি কারণ উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, প্রথমত, আসিফ নজরুল নামে একটা গালি দিলে ভিউ ভালো হয়, মনিটাইজেশন থেকে টাকা আসে। আর দ্বিতীয়ত, এখানে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা কাজ করছে। আমাকে দুর্বল করতে পারলে বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠিন সময় পার করার কথা উল্লেখ করে আসিফ নজরুল জানান, অন্তত তিন-চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন।
তিনি বলেন, এই অন্যায় আক্রমণ, অশ্লীল গালাগালি এবং প্রাণনাশের আশঙ্কা—এই জীবন কে উপভোগ করে? কিন্তু প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, একজন পদত্যাগ করলে অন্য সবার মনোবল নষ্ট হবে। আমরা কোনো কাজ করতে পারব না, শুধু কাজ করে যাও। তাঁর এই আস্থার কারণেই আমরা কাজ করে যাচ্ছি।উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, প্রতিটি অন্যায্য সমালোচনার উত্তর দিয়ে যাবেন এবং সংস্কারের কাজ অব্যাহত রাখবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন