রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমি: আসিফ নজরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৬:০৪ পিএম

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমি: আসিফ নজরুল

বাংলাদেশে গত ১৬ মাসে তিনি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সংলাপে তিনি এ দাবি করেন।

আসিফ নজরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৬ মাসে বাংলাদেশে আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি সাইবার বুলিং হয়েছে। ১৫ বছর ছিলাম পাকিস্তানের দালাল, এক রাতেই হয়ে গেছি ভারতের দালাল।

আমার আমেরিকায় বাড়ি আছে এবং পরিবার সেখানে চলে গেছে বলে মিথ্যা প্রচার করা হয়েছে। সততা যার জীবনের অহংকার, তার বিরুদ্ধে এমন প্রচারণা সবচেয়ে বড় সাইবার বুলিং।

আইন উপদেষ্টা বলেন, তাকে গালি দেওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, আসিফ নজরুলের নামে গালি দিলে ভিডিওর ‘ভিউ’ ভালো হয় এবং মনিটাইজেশনের মাধ্যমে টাকা আসে। দ্বিতীয়ত, তাকে দুর্বল করার মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।জুলাই বিপ্লবের মামলার আসামিদের জামিন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “হাইকোর্ট থেকে ৯০ শতাংশ জামিন হয়েছে। বিচারক যদি ভুল জামিন দেন, তবে তার দায় বিচারকের।

অনেক বিচারক আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া, তাদের সরানোর এখতিয়ার প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। এখানে আইনমন্ত্রীর কিছু করার নেই। অথচ সব দায় আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।সব পক্ষকে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ইসলাম ধর্মে আত্মসমালোচনা করা বড় একটি গুণ। যারা অন্যায্যভাবে সমালোচনা করছেন, তাদের প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানান তিনি।