জানুয়ারি ১১, ২০২৬, ০৫:০৮ পিএম
তিন দেশের প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ এক প্রযুক্তিনির্ভর সুবিধা নিয়ে এসেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এখন থেকে ওমান কাতার ও সৌদি আরবগামী প্রবাসীরা বিদেশযাত্রার আগে তাদের ভিসার সত্যতা বা বৈধতা এই অ্যাপের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। রোববার (১১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি সেবার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দিতে এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে। সেবাটি পেতে প্রবাসীদের ১৬৭৬৮ নম্বরে কল করতে হবে।
হেল্পলাইনে কল করে কর্মীরা তাদের ভিসার প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। এরপর ‘আমি প্রবাসী’র বিশেষজ্ঞ টিম সংশ্লিষ্ট দেশের ডাটাবেজ ব্যবহার করে তথ্যটি যাচাই করবে।
যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রাহকের মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হবে। যদি ভিসাটি বৈধ হয় এবং সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমোদন থাকে তবে এসএমএসে তার নিশ্চয়তা দেওয়া হবে। অন্যদিকে যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দূতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে।
‘আমি প্রবাসী’ কর্তৃপক্ষ জানায় নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনেক সময় গ্রাম-গঞ্জের সাধারণ কর্মীরা দালালের খপ্পরে পড়ে জাল ভিসা নিয়ে প্রতারিত হন। নতুন এই সিস্টেমের ফলে যাত্রার আগেই ভিসা আসল না নকল তা নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে তিন দেশের জন্য এই সুবিধা থাকলেও পর্যায়ক্রমে অন্যান্য জনপ্রিয় শ্রমবাজারের দেশগুলোকেও এই সেবার আওতায় আনা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন