জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:১১ পিএম
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে শত-সহস্র কোটি টাকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিনিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই দাবি করেন।
তিনি বলেন, এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি বাংলাদেশের পতাকা ও সার্বভৌমত্বের ওপর আঘাত।
সমাবেশে জাবের অভিযোগ করেন, হাদি হত্যার চার্জশিটে মূল আসামিদের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, "৫ তারিখে ২১ জনের একটি টিম হাদিকে গুলি করার চেষ্টা করেছিল, কিন্তু চার্জশিটে মাত্র ৩ জনের নাম কেন? বাকি ১৮ জন কোথায়?
তিনি দাবি করেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা ব্যক্তিরা আসামিদের আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ১৭ বছর ধরে বিরোধীদের মাটির নিচ থেকে খুঁজে বের করা রাষ্ট্র কেন চিহ্নিত খুনিদের ধরতে পারছে না, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, একজন সাধারণ মানুষকে হত্যা করতে শত কোটি টাকার প্রয়োজন হয় না, কিন্তু হাদির ক্ষেত্রে এই বিশাল বিনিয়োগ প্রমাণ করে এর পেছনে বড় কোনো শক্তির হাত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরা এই অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলেও শহীদ হাদির আদর্শের লড়াই বাংলার জমিনে চলতেই থাকবে। সমাবেশ থেকে অবিলম্বে নিখুঁত তদন্ত ও প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন