রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ১২:০৮ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াত আমিরের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবেন। 

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে এই সাক্ষাতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিশেষ করে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নির্বাচনী প্রস্তুতির মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

যমুনায় অনুষ্ঠিত সেই বৈঠকে তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ধারাবাহিক এই রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই আজ জামায়াত আমিরের এই সফরের সূচি নির্ধারিত হয়েছে। জামায়াত সূত্র জানিয়েছে যে দেশের সংস্কার প্রক্রিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার বার্তা দিতেই এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে। 

এ ছাড়া চলমান বিভিন্ন জাতীয় ইস্যুতে দলটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনাও প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর এই দফায় দফায় বৈঠক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করার ইঙ্গিত দিচ্ছে।