রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০৬:৫৩ পিএম

আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় বলেন যে আজ থেকেই কার্যক্রমের এই ধারা শুরু হলো এবং আগামী ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বা ফাইনাল ধাপ সম্পন্ন হবে। 

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন যে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান।

এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৩০০ জনসহ ২৬টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান যে ২০২৪ সালের আগস্ট গণঅভ্যুত্থানের সময় থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশের বেশি এবং গোলাবারুদের ৫২ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যে নির্বাচনের নিরাপত্তায় এবার সেনাবাহিনীর ১ লাখ সদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনে তারা ভোটকেন্দ্রের ভেতরেও প্রবেশ করতে পারবে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব হবে। তিনি রাজনৈতিক দলগুলোকেও সহনশীল মনোভাব বজায় রাখার আহ্বান জানান।