জানুয়ারি ২২, ২০২৬, ১২:৫১ পিএম
সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন পেশ করেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর ব্যাপক পুনর্বিন্যাসসহ স্বাস্থ্যবীমা প্রবর্তন।
পেনশন সংস্কার এবং নতুন সার্ভিস কমিশন গঠনের মতো যুগান্তকারী প্রস্তাবনা দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই এই সুপারিশ জমা দিল কমিশন।
কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।
এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ এ নামিয়ে এনে আয় বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১০ম গ্রেডের বেতন হবে ৩২ হাজার টাকা এবং ৯ম গ্রেডে ৪৫ হাজার টাকা। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই নতুন স্কেলে সবচেয়ে বেশি লাভবান হবেন।কর্মরতদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যও বড় সুখবর রয়েছে। যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া ৭৫ বছরের বেশি বয়সি পেনশনধারীদের মাসিক চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ করেছে কমিশন। কমিশন প্রধান জানান, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় নির্বাহ সহজ করতে এই সময়োপযোগী বেতন কাঠামো অত্যন্ত জরুরি। এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এটি বাস্তবায়ন হলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন