জানুয়ারি ২২, ২০২৬, ০৬:০০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম নিয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন সেনাপ্রধান।
একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনীর সক্রিয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।মতবিনিময় সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সুশৃঙ্খলতা ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা সেনাবাহিনীর অন্যতম অগ্রাধিকার। একই সাথে তিনি মাঠে নিয়োজিত সেনাসদস্যদের ধৈর্যশীল থাকার এবং জনগণের সাথে অত্যন্ত ‘নাগরিকবান্ধব’ আচরণ নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
সার্কিট হাউসের সভা শেষে সেনাপ্রধান নগরীর দামপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। চট্টগ্রাম এরিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম এবং নিরাপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণের বিষয়টিও তাঁর এই কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক ২০ দিন আগে সেনাপ্রধানের এই চট্টগ্রাম সফর এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির সরাসরি তদারকি ভোটারদের মনে আস্থার সঞ্চার করবে।
উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেনাবাহিনী ইতিমধ্যে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নিয়েছে। সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন