রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সবাই যেন ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে: ইসি সানা উল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৫০ পিএম

সবাই যেন ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে: ইসি সানা উল্লাহ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানা উল্লাহ (অব.)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

 সভায় তিনি স্পষ্ট করে বলেন যে প্রশাসনকে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে বয়স বা লিঙ্গ নির্বিশেষে সকল স্তরের ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন। কোনো ভোটারকে যেন কেউ ভোটদানে বাধা দিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

নির্বাচন কমিশনার সানা উল্লাহ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান এবং এর গণনা পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান যে এবারের নির্বাচনে প্রবাস ও দেশের অভ্যন্তরে (যেমন সরকারি চাকরিজীবী বা কারাবন্দি) দুই স্তরে পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ থাকছে। 

তবে পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। যদি কোনো ভোটার যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করেন, তবে নিয়ম অনুযায়ী তার ভোট বাতিল বলে গণ্য হবে। তিনি আরও জানান যে নির্বাচনের দিন সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একই সময়ে গণনা শুরু করা হবে। তবে পোস্টাল ব্যালটে যেহেতু ১১৯টি প্রতীক (না ভোটসহ) যাচাই করার বিষয় রয়েছে, তাই এই প্রক্রিয়ায় তুলনামূলক বেশি সময় লাগতে পারে।ভোটারদের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উল্লেখ করেন যে প্রবাসীদের ব্যালটে থাকা প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে তবেই নিশ্চিত করতে হবে যে ভোটার কোথায় ভোট দিয়েছেন। 

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোশারফ হোসেনসহ সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সভায় নির্বাচনের দিন বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।