জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৫৮ পিএম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রমের প্রতি জোরালো ও অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজের সাথে এক সৌজন্য বৈঠকে এ আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি এবং আসন্ন নির্বাচনি রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ইইউ বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই যাত্রায় তারা বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে আসন্ন গণভোট এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রদূত আরও নিশ্চিত করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনি স্বচ্ছতা যাচাই করতে ইইউ একটি বিশাল আকারের পর্যবেক্ষক দল পাঠাবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একটি অগ্রগামী দল (অ্যাডভান্স টিম) ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।বৈঠকে ড. আলী রীয়াজ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং রাষ্ট্রীয় সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
তিনি রাষ্ট্রদূতকে আসন্ন গণভোটের প্রস্তুতি, ভোটার সচেতনতা এবং নির্বাচন কমিশনের গৃহীত বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত মিলার আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুসংহত হবে। সংস্কারের মাধ্যমে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ইইউ কারিগরি ও কূটনৈতিক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি বৈঠকে উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন