জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৪৭ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবসহ চার ধরনের যান চলাচল বন্ধ থাকবে এবং মোটরসাইকেলের ওপর থাকবে তিন দিনের নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞার সময়সূচি:
মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিনদিন চলাচল বন্ধ থাকবে।
অন্যান্য যানবাহন: ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার বাইরে যারা থাকবেন: নির্বাচন কমিশন জানিয়েছে, জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে—
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনিক কাজে নিয়োজিত যানবাহন।
অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও গণমাধ্যমের (সংবাদপত্র/টিভি) গাড়ি।
ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ জরুরি কাজে ব্যবহৃত যানবাহন।
বিমানবন্দরে যাওয়া-আসা করার যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)।
দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন এবং জাতীয় মহাসড়ক ও বন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদিত একটি গাড়ি।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় বাস্তবতা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে প্রয়োজনীয় ক্ষেত্রে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন। নির্বাচনের দিন সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন