সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শতভাগ ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইসি সানাউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৪৬ পিএম

শতভাগ ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট ২০২৬-কে কেন্দ্র করে পটুয়াখালীতে প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন যে, নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ভোটারের শতভাগ ভোটাধিকার নিশ্চিত করা।

তিনি জানান, বর্তমানে নির্বাচনের সার্বিক পরিবেশ অত্যন্ত সন্তোষজনক এবং সাধারণ ভোটাররা যাতে কোনো ধরণের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য সব ধরণের সহায়ক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, নির্বাচনি মাঠে প্রার্থীদের মধ্যে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে কোনোভাবেই যেন তা ব্যক্তিগত সংঘাত বা অস্থিরতায় রূপ না নেয়। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। 

এছাড়া তিনি ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’ এর ব্যাখ্যা তুলে ধরে বলেন, সাধারণ নির্বাচনের মতো গণভোটের ক্ষেত্রেও একই ধরণের কঠোর আচরণবিধি কার্যকর থাকবে। গণভোটকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসনকে সদা সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষতার বিষয়ে নির্বাচন কমিশনার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণকে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে পারবেন, কিন্তু তারা কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে সরাসরি অবস্থান নিতে পারবেন না। 

প্রচারণায় কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান যে, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং দুর্গম এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে তিনি পটুয়াখালীর কয়েকটি সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলে নির্বাচনি প্রস্তুতির খোঁজখবর নেন।