ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:১৭ পিএম
দেশের বাজারে ব্যবহৃত মোবাইল ফোন কেনাবেচা বা হস্তান্তরের ক্ষেত্রে নতুন ও কড়া নিয়ম জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। মঙ্গলবার বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে যেকোনো মোবাইল ফোন বিক্রি বা অন্য কারো কাছে হস্তান্তরের আগে অবশ্যই সেটির বর্তমান নিবন্ধন বাতিল বা ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
মূলত দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং চোরাই হ্যান্ডসেট ব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর হওয়ার পর এই নিয়ম মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
বিটিআরসি জানিয়েছে এনইআইআর সিস্টেম চালুর ফলে বর্তমানে দেশের সব সচল মোবাইল ফোন সেট সংশ্লিষ্ট গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে।
এমতাবস্থায় যদি কোনো ব্যক্তি তার ফোনটি বিক্রি করতে চান তবে তাকে অবশ্যই তার এনআইডি থেকে হ্যান্ডসেটটির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এমনকি নিজের নামে নিবন্ধিত ফোনে সিম পরিবর্তনের ক্ষেত্রেও এই ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি করা না হলে পরবর্তীতে ওই ফোন দিয়ে কোনো অপরাধ সংঘটিত হলে মূল মালিক আইনি ঝামেলায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।এই নিবন্ধন বাতিল প্রক্রিয়ার জন্য গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে।
বিটিআরসি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে তাদের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করেছে। এ ছাড়া সাধারণ গ্রাহকদের কারিগরি সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও এই ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা পাওয়া যাবে। অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের এই ডিজিটাল উদ্যোগ গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন