রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা জানালো আইএসপিআর

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:২২ পিএম

জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা জানালো আইএসপিআর

ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় ঘটে যাওয়া এক মাস আগের একটি ‘অনাকাঙ্ক্ষিত ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে মঙ্গলবার মুখ খুলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

সংস্থাটি স্পষ্ট জানিয়েছে যে, বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনার কোনো অবকাশ নেই কারণ এটি অনেক আগেই দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে মীমাংসিত হয়েছে। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি–উদ–দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট প্রার্থী দুঃখ প্রকাশ করার পরেই ঘটনার নিষ্পত্তি ঘটেছিল।

অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি মূলত গত মাসের ৬ তারিখের। দীর্ঘ এক মাস পর হঠাৎ করে এই ভিডিওটি পুনরায় সামনে আসাকে অনেকেই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং নির্বাচনের আগে একটি বিশেষ মহলের ‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা’ হিসেবে দেখছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা ও সমালোচনা শুরু হলে আইএসপিআর জানায়, ঘটনার কয়েক দিন পরই ভুল বোঝাবুঝি কেটে গিয়েছিল। সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সেই সময়কার পরিস্থিতির পর দ্রুতই সৌহার্দ্যপূর্ণ সমাধান হয়।এ বিষয়ে ডা. এস এম খালিদুজ্জামান নিজেও একটি বিবৃতি দিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেন, ভিডিওটি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি সাময়িক ভুল বোঝাবুঝির ফল। 

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইতোমধ্যে সমাধান হয়ে গেছে। আমি এই ঘটনার জন্য আগেই দুঃখ প্রকাশ করেছি।” স্বার্থান্বেষী মহল যেন এই ইস্যু ব্যবহার করে কোনো ধরনের বিভেদ তৈরি করতে না পারে, সেজন্য তিনি দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।