সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৪ পিএম

সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ মোড়ে আজ শুক্রবার রাতে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে পুনরায় জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। 

পুলিশের এই অ্যাকশনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।সংঘর্ষের এক পর্যায়ে পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর তারা পুনরায় শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। 

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনকারীরা মাত্র ৫ মিনিট সময় চেয়েছেন একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করার জন্য এবং এরপর তারা শাহবাগ ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই আলোচনার প্রেক্ষিতে পুলিশ সাময়িকভাবে পিছু হটলে আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, আজ দুপুর থেকেই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে উত্তপ্ত ছিল ঢাকা। বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের জলকামান ও টিয়ারগ্যাসের আঘাতে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ২৩ জন আহত হন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, ভিভিআইপি এলাকা ও যমুনার নিরাপত্তা রক্ষায় তারা বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছেন। বর্তমানে পুরো শাহবাগ ও মিন্টো রোড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।