রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন আপনার ভোটার নম্বর ও কেন্দ্র

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৫৫ পিএম

ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন আপনার ভোটার নম্বর ও কেন্দ্র

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে বিশেষ প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন কেন্দ্রে গিয়ে যাতে কাউকে ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য এবার ঘরে বসেই নিজের ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও সঠিক অবস্থান জানার ব্যবস্থা করা হয়েছে। 

ইসি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামক অ্যাপসহ মোট ৪টি সহজ উপায়ে এই তথ্য জানার সুযোগ করে দিয়েছে। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ভোটাররা যাতে নির্ভুলভাবে তাদের কেন্দ্র খুঁজে পান, সেজন্যই এই আয়োজন।

যে ৪টি উপায়ে তথ্য জানা যাবে: ১. মোবাইল অ্যাপ: গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলেই ভোটার তার কেন্দ্রের নাম, সিরিয়াল নম্বর এবং ম্যাপসহ লোকেশন দেখতে পাবেন। 

২. হটলাইন ১০৫: যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে (ভোর ৬টা থেকে রাত ১২টা) অপারেটরের সহায়তায় এনআইডি নম্বর জানিয়ে তথ্য জানা যাবে। ৩. এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে। 

৪. ওয়েবসাইট: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সার্চ দিলেও বিস্তারিত তথ্য মিলবে।নির্বাচন কমিশন আশা করছে, প্রযুক্তির এই সহজলভ্যতা ভোটের দিন কেন্দ্র খোঁজার ঝামেলা থেকে ভোটারদের মুক্তি দেবে।